প্রকাশিত: Fri, Dec 30, 2022 9:38 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:06 AM

ফিল্ম কমিশন গঠনের দাবি নির্মাতাদের

মামলা হলেও কোন শিল্পীকে যেন গ্রেপ্তার করা না হয়: আইনমন্ত্রী

এম এম লিংকন: শিল্পীদের নামে মামলা হলেও তাদের গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সে বিষয়টি আমি দেখব। এ বিষয়ে যেন আগে কথা বলে নেয় শিল্পীরা। আর আপনাদের এ কথাগুলো আমার যেখানে পৌঁছানো দরকার, সেখানে পৌঁছে দেব। শুক্রবার ( ৩০ ডিসেম্বর) ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে বাংলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ক্রিয়েটিভ সামিট ফ্যাব ফেস্টে এ কথা বলেন তিনি।   এ সময়  চলচ্চিত্র নির্মাতারা ফিল্ম কমিশন গঠনের দাবি জানান আইনমন্ত্রীর কাছে।

আইনমন্ত্রী বলেন, কখনই ভাববেন না, সরকার আরেকটা পক্ষ। আমরা হাত বাড়িয়ে রেখেছি। 

আমি নেটফ্লিক্সে যে গল্প দেখি উল্লেখ করে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সেটা কেন চরকি বা হইচইতে দেখতে পারব না। নেটফ্লিক্সের নির্মাতা যে স্বাধীনতা নিয়ে সিনেমা বানান, আমি আমার দেশের কনটেন্ট সেখানে দিতে চাইলে সে স্বাধীনতায় বানাতে পারব না কেন? এ সময় সেই স্বাধীনতা প্রয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। দেখানো হয় রিফর্ম নামের ১ মিনিটের চলচ্চিত্র।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, সিনেমা বানাতে বা সিনেমার গল্প বানাতে যে বাধা গুলো আছে তা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। আইনমন্ত্রী এই সব সমস্যা নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। আপাতত আন্দোলন না করে অংশীজনদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্ঠা করবো আমরা। 

এ সময় বাংলাদেশি সিনেমা অ্যাট আ ক্রস রোড: হাউ রিফর্ম ক্যান প্রোপেল আস শীর্ষক আলোচনা হয়। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন কামার আহমাদ সাইমন, পিপলু আর খান এবং ব্যারিস্টার মঈন গণি। ফ্যাব ফেস্টে বিভিন্ন আলোচনা পর্বসহ চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট চলে রাত ৯ টা পর্যন্ত। সম্পাদনা: খালিদ আহমেদ