প্রকাশিত: Tue, Feb 21, 2023 12:08 PM
আপডেট: Thu, Jun 4, 2026 12:13 PM

উড়োজাহাজ-ট্রেনে চড়ে, গোপনে ২৪ ঘণ্টায় কিয়েভে পৌঁছান বাইডেন

মিহিমা আফরোজ: বাইডেনের ইউক্রেন সফরটি ছিল একটি রোমাঞ্চকর যাত্রা। বিমানের জানালা বন্ধ। পোল্যান্ডে বিমান নামার পর দীর্ঘ ট্রেন যাত্রা। এভাবেই গোপন সফরে গিয়েছিলেন বাইডেন। স্থানীয় সময় ভোর চারটে। অন্ধকারের মধ্যে ওয়াশিংটনের বাইরে সেনা ঘাঁটি থেকে একটি বোয়িং-৭৫৭ বিমান উড়লো। বিমানটির নাম ‘সি-৩২’। বিমানে সওয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডয়েচে ভেলে

সাধারণত এই বিমানবন্দর থেকে এই বিমানে চড়ে বাইডেন বিদেশ সফরে যান না। কিন্তু এই গোপন সফরের জন্য মিানটি ব্যবহার করেছেন তিনি। প্লেনটি যখন বিমানবন্দরে ছিল, তখন তার প্রতিটি জানালা বন্ধ করে রাখা ছিল। যাতে বাইরে থেকে কিছুই দেখা না যায়। আলোও বাইরে না যায়। বিমান ছাড়ার মিনিট ১৫ আগে প্লেনে ঢুকলেন বাইডেন, তার বাছাই করা কয়েকজন নিরাপত্তারক্ষী, চিকিৎসকের দল, ঘনিষ্ঠ কয়েকজন পরামর্শদাতা ও দুইজন সাংবাদিক। 

দুই সাংবাদিককেই আগে গোপনীয়তার শপথ নিতে হয়েছে। বাইডেনের বিদেশ সফরে সাধারণত বিভিন্ন রেডিও, টিভি, সংবাদপত্র থেকে ১৩ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক যান। এক্ষেত্রে নেওয়া হয়েছিল মাত্র দুইজনকে। তার মধ্যে একজন চিত্র সাংবাদিক। রিপোর্টার সাবিনা সিদ্দিকি হলেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক। আর ছিলেন এপি এর চিত্র সাংবাদিক ইভান। তাদের বিমানবন্দরে স্থানীয় সময় রাত দুইটা ১৫ মিনিটে ডাকা হয়েছিল। তাদের ফোন নিয়ে নেয়া হয়েছিল। বাইডেন কিয়েভে পৌঁছানোর পর তা ফেরত দেয়া হয়।

আমেরিকা থেকে যাত্রা শুরু করার পর বিমানটি জার্মানির মার্কিন ঘাঁটিতে নামে জ্বালানি ভরার জন্য। তখনো বিমানের জানালা নামানো ছিল। কাউকে প্লেন থেকে বের হতে দেয়া হয়নি। পরের গন্তব্য পোল্যান্ডের বিমানবন্দর। এখান থেকে সকলে ট্রেনে উঠলেন। 



সাংবাদিকরা তখনো বাইডেনকে দেখেননি। ট্রেনে মোট আটটি কামরা ছিল। প্রায় সব কামরাই ছিল নিরাপত্তা বাহিনীর দখলে। বাইডেন বরাবরই ট্রেনে চড়তে ভালবাসেন। সেনেটর থাকার সময় তিনি ট্রেনে করেই নিজের নির্বাচনকেন্দ্র ও বাড়ি থেকে ওয়াশিংটন যেতেন।

প্রায় ১০ ঘণ্টা পরে ট্রেনটি কিয়েভ পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, বাইডেন এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে একটা বার্তা দিলেন। তিনি বিশ্বকে এটাও দেখিয়ে দিলেন, আমেরিকার নেতৃত্বেই পশ্চিমা দেশগুলো এই যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধাচরণ করছে এবং করে যাবে। কিয়েভ থেকে বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে গেছেন। সম্পাদনা: খালিদ আহমেদ