প্রকাশিত: Tue, Feb 21, 2023 10:26 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:58 PM

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বছরে প্রয়োজন ৮শ কোটি টাকা

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বছরে ৮০০ কোটি টাকা প্রয়োজন। আমাদের বিবেচনা করতে হবে এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কি না। তবে এই সক্ষমতা একদিন বাংলাদেশেরও তৈরি হবে।

মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশ, কেনিয়া, রাশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা সবই আছে। কিন্তু জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে যে, আর্থিক সংশ্লেষ আছে তাতে এই মুহূর্তে এটার পক্ষে বেশি মতামত আসবে না। আমরা সর্বস্তরে বাংলা ভাষা চালুর উদ্যোগ নিয়েছি। আমরা সকলের ভাষার প্রতি শ্রদ্ধাশীল। এমনকি ক্ষুদ্র জাতিসত্তার ভাষার প্রতিও আমরা সমানভাবে শ্রদ্ধাশীল।

শাহরিয়ার আলম বলেন, আমাদের ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দাবি ওঠে। পরে ১৯৯৯ সালে ইউনেস্কোতে প্রস্তাব তোলার পর এর স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সক্ষমতা একদিন আমাদের হবে। সম্পাদনা: এল আর বাদল