প্রকাশিত: Thu, Feb 23, 2023 11:32 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:00 AM

এদেশের মানুষের ভালোবাসায় বুঝতেই পারি না, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে: সৌরভ গাঙ্গুলী

সুজিৎ নন্দী: ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, মেয়র কাপে ফুটবল, ক্রিকেট, ভলিবল এসব খেলাধুলা হয়। আমি মনে করি এসব খেলাধুলা একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। মাদকমুক্ত তরুণ প্রজন্মের জন্য এসব খেলাধুলার দরকার আছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌরভ বলেন, খেলাধুলা একমাত্র মাধ্যম যা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পারে। শিক্ষা, গান বাজনা ও খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তরুণ প্রজন্ম সুষ্ঠু ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সেজন্যই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ১৯৮৯ সালে আমি প্রথম ঢাকায় আসি। সেই থেকে আমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। আমি অনেক দিন পর আবার ঢাকায় এসেছি। বাংলাদেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে।

তিনি বলেন, অধিনায়ক হিসেবে ভারতের জাতীয় দলে আমার প্রথম টেস্ট ছিল এই বাংলাদেশেই। ঢাকার মিরপুরের মাঠে। সেই দিক থেকে আমার বাংলাদেশের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব