প্রকাশিত: Sun, Feb 26, 2023 12:09 PM
আপডেট: Thu, Jun 4, 2026 11:54 PM

মার্চ থেকে ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন: সাধন চন্দ্র মজুমদার আরো রোববার সকালে নওগাঁর আটাপট্টি ও রুবির মোড় এলাকায় ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস একটি চলমান কর্মসূচি। যতদিন এর চাহিদা থাকবে ততদিন চলবে। প্রয়োজন হলে সারা বছরই চলবে। চাল দেওয়া হবে, আটাও দেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার জানান, এ সময়ে ওএমএস চলে না, বন্ধ থাকে। নিম্ন আয়ের জনগণ যাতে কষ্ট না পায় তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে এবং আমরা ওএমএস দিয়ে যাবো। আমাদের দেখার বিষয় জনগণ ঠিকঠাক মতো পাচ্ছে কি-না, কোনো ডিলার পাচার করছে কি-না। এ জন্য পরিদর্শন ও মনিটরিং চলবে।

সরকারি গুদামে খাদ্য মজুতের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, ১০ লাখ টন নিরাপত্তা মজুতের বিপরীতে বর্তমান ২১ লাখ টনের অধিক মজুত আছে।

তিনি আরো বলেন, সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্য সংকট হবে না।

এ সময় ব্যবসায়ীদের হুশিয়ার করে দিয়ে মন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্যে মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

ওএমএস নিতে আসা নারী-পুরুষরা জানান, চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ কম। বরাদ্দের পরিমাণ বাড়ালে তাদের সুবিধা হতো। এ সময় তাদের অসুবিধা বিবেচনার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব