প্রকাশিত: Wed, Mar 1, 2023 10:29 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:49 AM

ফের পেছালো খালেদা জিয়ার নাইকো মামলার চার্জ শুনানি

জেরিন আহমেদ: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে বুধবার এ দুর্নীতি মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানির জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি জানিয়ে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জিয়াউদ্দিন জিয়া জানান, আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৯ মার্চ চার্জশুনানির পরবর্তী দিন ধার্য করেন। 

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। দুদকের করা অপর দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। সেখান থেকে পরে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। বর্তমানে তিনি নিজ বাসায়ই চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব