প্রকাশিত: Wed, Mar 1, 2023 10:31 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:55 AM

ভারতে বিএনপি নেতা সালাউদ্দিন বেকসুর খালাস দেশে ফেরত পাঠাতে সিলং আদালতের নির্দেশ

মাছুম বিল্লাহ: অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বছর আগে ভারতের মেঘালয়ে আটক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের আপিল আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছেন । তবে কবে নাগাদ তাকে দেশে ফেরত পাঠানো হবে তা এখনও নিশ্চিত নয়।

সালাহউদ্দিন আহমেদ আমাদের নতুন সময়কে জানান, আগেই আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছিলেন। পরে এদেশের সরকার তার বিরুদ্ধে আপিল করে। মঙ্গলবার আপিল বিভাগের রায়েও আমাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  বাংলাদেশে ফেরার বিষয়ে ভারত সরকারকে আদালত নির্দেশনা দিয়েছেন। 

কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন, আমি তো আজই দেশে ফিরতে চাই। দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি। আদালতের নির্দেশনা মেনে কখন ভারত সরকার ফেরত পাঠাবে সেটার অপেক্ষায় আছি।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব