প্রকাশিত: Tue, Mar 28, 2023 11:48 PM
আপডেট: Sun, Sep 20, 2026 11:18 AM

আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পথ খুলছে, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে কারাদণ্ড

আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আনিস তপন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে আনীত ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেনডেন্ট) শীর্ষক অ্যাক্টের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, নতুন করে ১৪টি ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেসব বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে, সেসব বিষয় নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়ার সময় এসব বিষয়ে পুনরায় আলোচনা হবে।

তিনি বলেন,  বেশ কিছু ধারা নিয়ে মন্ত্রিসভার পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সভায় আলোচনা করা হবে। সচিব বলেন, আগে শুধু জেলায় একজন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হতো। এখন সংসদীয় আসনের ভিত্তিতে একাধিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে, সংশোধনীতে সেই প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনে সেবা প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের বকেয়া বিল প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার সাত দিন আগে পরিশোধের বিধান রয়েছে।

প্রস্তাবিত আইনে প্রার্থীর বকেয়া বিল পরিশোধের সময় বাড়িয়ে মনোনয়নপত্র জমাদানের আগের দিন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব