প্রকাশিত: Mon, Apr 10, 2023 2:31 AM
আপডেট: Fri, Jun 5, 2026 8:45 AM

জমে উঠছে সিলেটের ঈদ বাজার

সুবর্ণা হামিদ: নগরীর জিন্দাবাজার, নয়া সড়ক, বন্দর বাজার, আম্বরখানা, রিকাবীবাজার, চৌহাট্টাসহ সব এলাকায় মার্কেটগুলোকে সাজানো হয়েছে রকমারি সাজে। সেইসঙ্গে নিত্য নতুন কালেকশনের পাশাপাশি ক্রেতাদের মনোযোগ টানার চেষ্টায় কোন ত্রুটি নেই বিক্রেতাদের। 

নগরীর মার্কেটগুলো ঘুরে দেখা যায় গভীর রাত পযর্ন্ত চলছে কেনাবেচা। যদিও এখনো জমজমাট হয়ে উঠেনি বিকিকিনি। ক্রেতারা আসছেন, দেখছেন পছন্দ হলে কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার একটু সময় নিচ্ছেন,  ঘুরে দেখছেন এবং পছন্দ করে রাখছেন। তবে সব কিছুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের । 

কলেজছাত্রী তাসলিমা বলেন, ঢাকার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের প্রভাব সিলেটের ঈদ বাজারে পড়েছে। সব কিছুর দাম এতো বেশি যে কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে কিছু কিছু নামি-দামি শপিংমল আছে যেগুলোতে দাম আগের মতই আছে। 

চাকরিজীবী মামুন আহমদ বলেন, এবারের ঈদটা মাসের শেষের দিকে পড়েছে। যার ফলে অনেক মানুষ চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে পারবে না। তাছাড়া সব কিছুর দাম এতো বেশি যে নিম্ন মধ্য বৃত্ত পরিবারের জন্য চাহিদা অনুযায়ী কেনাকাটা করা কঠিন হয়ে পড়বে।

সিলেটের অভিজাত বিপনি বিতান মাহা’র স্বত্বাাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, এই দু’তিন দিন থেকে ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে। আমরা প্রত্যাশা করছি এবার ভালো ব্যবসা করবো, যদি শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকে। মানের পাশাপাশি দামও আমরা ক্রেতাদের নাগালে রাখার চেষ্টা করছি। 

আম্বর খানার সামস সুপার মার্কেটের লেডিস কর্ণারের স্বাধিকারী উজ্জ্বল রায় বলেন, আমাদের ব্যবসা এখনো জমে উঠেনি। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের প্রভাব আমাদের ওপরও পড়বে। কারণ ২০ রমজান পরে সব মাল বেশি দাম দিয়ে কিনতে হবে, আর তখন মানুষের চাহিদাও বাড়বে। সম্পাদনা : মুরাদ হাসান