প্রকাশিত: Tue, Apr 18, 2023 11:25 PM
আপডেট: Fri, Jun 5, 2026 10:26 AM

বঙ্গবাজারের অস্থায়ী দোকানে কেনাকাটা জমে ওঠেনি এখনো

মাসুদ আলম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর বঙ্গবাজার ভস্মীভূত হওয়ার এক সপ্তাহ পর ব্যবসায়ীদের জন্য চৌকি পেতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দেয়। কিন্তু এখনো ক্রেতা কম। ব্যবসায়ীদের চোখে মুখে হতাশার ছাপ। ব্যবসায়ীদের একটা অংশ অর্ধেক জায়গায় চৌকিতে ব্যবসা শুরু করলেও, বাকি অর্ধেক চৌকি ফাঁকা পড়ে আছে। 

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদে মাথার ওপর ছাতা  দিয়ে মালামাল নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। শামিয়ানা টাঙানোর ব্যবস্থা করা হয়নি। কিন্ত দোকানগুলোতে ক্রেতা নেই। বঙ্গবাজারে আগের মতো সেই  হাঁকডাকও নেই। সন্ধ্যার পর কিছু ক্রেতা আসেন। তবে তারা কেনার চেয়ে দামাদামিই বেশ করেন। এছাড়া অস্থায়ী দোকানগুলোতে পর্যাপ্ত মালামালও নেই। টাকার অভাবে অনেক ব্যবসায়ী মালামাল নিয়ে বসতে পারেনি।  কেউ কেউ আবার ফ্লাইওভার বা এনেক্স টাওয়ারের ছায়াযুক্ত স্থানে বসেছেন অস্থায়ীভাবে।

ব্যবসায়ী মতিউর রহমান বলেন, বেচাকেনা একদমই নেই। দিনে ৩ থেকে ৪ হাজার টাকা বেচাকেনা হয়। কয়েকদিন পর ঈদ, কীভাবে কর্মচারিদের বেতন দিবো। নিজেরাই কীভাবে ঈদ করবো। বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন,   দোকানগুলোতে পর্যাপ্ত মালামাল না থাকায় বেচাকেনা জমে উঠেনি। আবার কিছু ব্যবসায়ী মালপত্রের সংকটের কারণে বসতে পারেননি। জায়গা যেহেতু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামে বরাদ্দ হয়েছে, সেহেতু চৌকি পেতে ব্যবসা করতে কোনো বাধা নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব