প্রকাশিত: Sat, May 20, 2023 10:23 AM
আপডেট: Fri, Jun 5, 2026 1:17 PM

সাংবাদিকসহ আহত শতাধিক, গ্রেপ্তার ১৫১

পটুয়াখালী ও রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ

শহীদুল ইসলাম, নিনা আফরিন ও সুজন খন্দকার: বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে মহানগরসহ ১৮ জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। শনিবার সকাল ও বিকেলে আলাদা ভাবে বিভিন্ন জেলা এবং মহানগরে শুরু হয় সমাবেশ। এতে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেয়। এছাড়া কর্মসূচি সফল করতে ঢাকা থেকে অতিথি হিসেবে কয়েকজন কেন্দ্রীয় নেতারাও প্রোগ্রামে যোগ দেন। 

এদিকে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী ও রাজবাড়ী আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল ভাংচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। দুই জেলায় সাংবাদিকসহ অন্তত ১১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তিন জেলায় ১৫১ জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, পটুয়াখালীতে সকালের সমাবেশে কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুর প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিলো। তিনি সমাবেশ স্থলে যাওয়ার পথে সকাল সাড়ে নয়টায় বিএনপির কার্যালয়ের সামনে বনানী মোড়ে দু’পক্ষের মধ্যে  দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় জেলা বিএনপির কার্যালয়ও। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটোন বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে পিটিয়ে কয়েক দফায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়। এসব নেতাকর্মীদের অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। 

অন্যদিকে রাজবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে  শনিবার দুপুরে রাজবাড়ী সরকারী মহিলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে লাঠি চার্জ ও ফাকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্রকরে কয়েকটি জেলায় গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এর যশোরে ১২০ নেতা-কর্মী, চুয়াডাঙ্গায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গত ১৩ মে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সরকারের পদত্যাগ, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা দেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। সম্পাদনা: এল আর বাদল