প্রকাশিত: Thu, Jun 8, 2023 3:09 AM
আপডেট: Fri, Jun 5, 2026 4:34 PM

গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম: আসাদুজ্জামান খান কামাল বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সংলাপ চলমান থাকবে। আমরা মনে করি, সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। 

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে ‘স্বাধীনতা পুরষ্কার ২০২৩ উদযাপন অনুষ্ঠান’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কয়েকদিন ধরে নির্বাচন ইস্যুতে সংলাপের বিষয়টি আলোচনায় এসেছে। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল। দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। আর জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প কিছু নাই। 

জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক অধিকার রয়েছে সভা-সমাবেশ করার। তারা তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে এটাই তো স্বাভাবিক। 

তিনি আরও বলেন, আমি যতদূর জানি, জামায়াত ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত একটি দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত দেবেন। 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আগামী নির্বাচনে তাদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটা বলেছে সেটাই যথেষ্ট। তারাই মনিটরিং করছেন। আমরা এটুকু মনে করি, রাষ্ট্রদূতরা যাতে তাদের শিষ্টাচার মেনে, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এটাই আমাদের প্রত্যাশা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব