প্রকাশিত: Mon, Dec 19, 2022 12:37 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:02 AM

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব, মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান বিজয় দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আত্মশক্তি হলো মূল কথা। সেই আত্মশক্তিতে আমরা আজকে বলিয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা, সেই বাতাসের আঁচ আমাদের এখানেও  লেগেছে। সংকটের মধ্যে শেখ হাসিনাই এক মাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।    

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শিখার আছে। আজকে সততা, সাহস শিখতে কোথাও যেতে হবে না, কোনো মনীষীর নিবন্ধ পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব। 

তিনি বলেন, আজকে আর্থসামাজিক দিক দিয়ে আমরা পাকিস্তানের চেয়ে শক্তিশালী। তাদের শ’খানেক বিধ্বংসী বোমা আছে, আমাদের কাছে নেই। এছাড়া আর কোনো দিক দিয়ে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।  

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নিবন্ধ লেখা হয়েছে। 

সেখানে লেখক বলেছেন, পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল। কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী। স্বাধীনতা চেয়ে, স্বাধীনতা এনে বঙ্গবন্ধু ভুল করেননি।  সম্পাদনা: খালিদ আহমেদ