প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:09 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:54 PM

তুচ্ছ-তাচ্ছ্বিল্যের ধরনটি গোলাম মনোবৃত্তির, যেন ইংরেজি জানতেই হবে

ফজলুল বারী : বিপিএলের ফাইনাল শেষে এক ক্রীড়া সাংবাদিক একাধিক বিদেশি খেলোয়াড়কে ভুল ইংরেজিতে প্রশ্ন করছিলেন। সেই ভিডিও ক্লিপটি এখন অনলাইনে ভাইরাল। নানান মন্তব্য চলছে। আজকের দুনিয়ায় সবাইকে ইংরেজি জানতেই হবে এমন নয়। অনেক খেলোয়াড়ও ইংরেজি জানেন না। তাদের বাংলা, হিন্দি বা উর্দুতে হরদম প্রশ্ন করে উত্তর নেবার ব্যবস্থা করা হয়। লিওনেল মেসিরা কি ইংরেজিতে স্বচ্ছন্দ? সেই সাংবাদিকের সামর্থ্য থাকলে দোভাষী নিয়ে যেতেন বা একটু প্রস্তুতি নিয়ে গুগলে ইংরেজি প্রশ্নগুলো রপ্ত করতে পারতেন। কিন্তু এখানে তুচ্ছ-তাচ্ছিল্যের ধরনটি গোলাম মনোবৃত্তির। যেন ইংরেজি জানতেই হবে। ওটা না জানলে জাতে ওঠা যাবে না। 

১৯৯৭ সালে আমি তিন মাসের জন্য মিশর-জর্দানে রিপোর্ট করতে যাই। নানা বিষয়ে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকের ইন্টারভিউ করতে হতো। সমস্যা হচ্ছিলো তারা কেউ ইংরেজি জানেন না। ২০টি আরব দেশের ভাষা আরবি। তাদের ইংরেজি না জানলেও চলে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের একাধিক বাংলাদেশি ছাত্র তখন আমাকে অনেক সহায়তা করেছেন। ইরাক যুদ্ধের সময় দেশটাতে এত বিদেশি সাংবাদিক যান যে সেখানে দোভাষী পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। একপর্যায়ে মোটামুটি ‘ইয়েস’ ‘নো’ ‘ভেরী গুড’ বলতে পারা লোকজনও দোভাষী হয়ে যায়। ভাষার সীমাবদ্ধতা অতিক্রমের নানা উপায় এখন আছে। ইংরেজি জানতেই হবেÑ এর চাইতে বাংলাটা শুদ্ধ করে জানার ব্যাপারে জোর দিতে হবে।

 লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে