প্রকাশিত: Sun, Mar 19, 2023 10:23 AM
আপডেট: Fri, Jun 5, 2026 3:01 AM

পারফিউম ছিটায় ক্লাউনের পোশাকে!

সুমন্ত আসলাম: ৯ হাজার ৪৭৯টি মানুষের মস্তিষ্ক রয়েছে ডেনমার্কের ইউনিভার্সিটি অব ওডেন্সে, ভূগর্ভস্থ একটি কক্ষে। সারি করে রাখা সাদা পাত্রে রাখা আছে ওগুলো। ডেনমার্কের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ এরিক স্টমগ্রেন তাঁর জীবনের বড় একটা সময় কাটিয়েছেন মস্তিষ্কগুলো সংগ্রহ করতে, ১৯৪৫ সাল থেকে। মস্তিষ্কগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, জানেন? মানসিক রোগীদের মরদেহ থেকে। 

[২] উপরের লেখাটা লেখার পর আমি বলতে পারতাম, আমাদের দেশে মানসিক রোগী কারা, যারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আমাদের আশপাশে, যারা আমাদের ঘাড়ে বসে আমাদেরই মাথার তালুতে তবলা বাজাচ্ছেন, যারা মাঝেমাঝেই মোটিভেশনাল বাণী শোনান। দেশপ্রেমের, চরিত্র গঠনের, উন্নত মানুষ হওয়ার? যেহেতু তারা দেশপ্রেমিক নন, চরিত্রহীন এবং...। সুতরাং সে প্রশ্নটি আমি করলাম না।

[৩] থাক, আমি আমার প্রশ্নটায় আসি বলেন তো, আমাদের দেশে কতোগুলো সত্যিকারের মানসিক রোগী আছে? প্রথমটা আমি নিজেই একজনের কথা উল্লেখ করি। সুমন্ত আসলাম একজন মানসিক রোগী, আক্ষরিক অর্থেই। না হলে প্রতিদিন এতো ঘটে যাওয়া এই নাটকের দেশে শালা বেঁচে আছে কীভাবে, কীভাবে এখনো কাপড়চোপড় পরে অবলীলায় ঘুরে বেড়ায় নির্লজ্জতায়। মাঝেমাঝে আবার নিজের গায়ের দুর্গন্ধ এড়াতে প্যারিসের একটা পারফিউমও ছিটায় সেই ক্লাউনের পোশাকে। ফেসবুক থেকে