প্রকাশিত: Wed, Apr 5, 2023 11:18 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:53 PM

বাংলাদেশের ফায়ার সার্ভিস, অনেকটাই অবহেলিত একটি বিভাগ

হেলাল মহিউদ্দীন : [২] বাংলাদেশের ফায়ার সার্ভিস সদস্যদের দেখলেই ইচ্ছে হয়, স্যাল্যুট দিই। অনেকটাই অবহেলিত একটি বিভাগ এটি। নির্বাপণ উপকরণেও  অত্যাধুনিক নয়। কিন্তু পেশাদারিত্বে ও দায়িত্বশীলতায় সকল বিভাগের শীর্ষে। একটি কথা বহুবার বহু আসরে বহু আলাপে বলেছি। বাংলাদেশে দুইটি পেশার মানুষকে মাথায় তুলে রাখতে হয়। এক. কৃষিবিদ। দুই. ফায়ার সার্ভিস। বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পেছনে মূল কান্ডারি কৃষি গবেষকগণ। কিন্তু তাঁরা নীরবে কাজ করে চলেন। ঢাক-ঢোল পেটান না মোটেই। একই স্বভাব ফায়ার সার্ভিস সদস্যদেরও। এই দুই পেশার মানুষদের জন্য আনত শ্রদ্ধা। এ মুহুর্তে মন খারাপ। মাত্রই খবরে শুনলাম ফায়ার সার্ভিস কর্মীদের উপর এবং গাড়িতে ক্ষুব্ধরা হামলা করেছেন। অনিয়ন্ত্রিত আবেগও একধরনের আগুন। 

[৩] যাঁরা পথে বসে গেলেন, তাঁরা কীভাবে ঘুরে দাঁড়াবেন? রাষট্রকে ভাবতে হবে। [৪] এই সময়ে এই কথাটি বললে অনেকেই আপত্তি করবেন, এ কথা বলার সময় এখন নয়। আসলে এ কথাটি বলার এখনই সময়। এ বছর প্রথম তিন মাসেই সারা দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকগুলো ঘটনা ঘটেছে। বঙ্গবাজার বাংলাদেশের অন্যতম বড় একটি আগুন-ঝুঁকিপূর্ণ এলাকা। আগের ঘটনাগুলোর পরপরই ঝুঁকিপূর্ণ সকল ব্যবসাকেন্দ্র চিহ্নিত করে জাতীয় পর্যায়েই একটি অগ্নিদুর্যোগ মোকাবেলা মহাপরিকল্পনা করা অপরিহার্য ছিলো। ঘিঞ্জি ব্যবসাকেন্দ্রগুলোর সবগুলোতেই তেলতেলা নেতানির্ভর ব্যবসায়ী সমিতি আছে। সমিতি নেতারা রাজনীতির ধামা না ধরে হাজার কোটি খরচ করে হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার চিন্তায় নামুন। ভবিষ্যতের আগুন-ঝুঁকি ঠেকাতে যা করতে হয় করুন। মনে রাখুন, রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হতাশ হতে হবে। ফেসবুক থেকে