প্রকাশিত: Wed, Apr 5, 2023 11:29 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:00 PM

আগুন শুধু বঙ্গবাজারকে পোড়ায়নি, পুড়িয়েছি প্রায় ৫ হাজার দোকানের ২ হাজার কোটি টাকার সম্পদ

শাহরিয়ার পলাশ : বঙ্গবাজার খুব একটা যাওয়া হয় না। আগে যখন যেতাম কিছু শিশুদের দিকে তাকিয়ে থাকতাম। বিদেশি কোনো পর্যটক এলেই ওরা দৌড়ে যেতো। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু অনর্গল বিভিন্ন ভাষায় তারা কথা বলতো। তারা ছিলো বিদেশি ক্রেতাদের দোভাষী। জানি না ওই শিশুরা এখনও আছে কিনা। 

আমরা যেই ভবনে থাকি একই ভবনের ১১ তলায় এক ভদ্রলোক থাকেন। তার দোকান ৩টি। ...ছিলেন কোটিপতি। এখন তিনি নিঃস্ব। আমাদের পাশের ভবনের ভদ্রলোক স্বামী-স্ত্রী ওমরাহ হজ করতে গিয়েছেন। তাদের দোকান দেখভালের দায়িত্ব দিয়ে গেছেন আপন ছোটবোনকে। বোনের আহাজারি কী বলবেন ভাইকে? আমার নিজ জেলা চাঁদপুরের একজনের দোকান ৭টি। ...রাতেও ছিলেন কয়েক কোটি টাকার মালিক। এখন নিঃস্ব-পাগল প্রায়। 

আগুন শুধু বঙ্গবাজারকে পোড়ায়নি, পুড়িয়েছি প্রায় ৫ হাজার দোকানের ২ হাজার কোটি টাকার সম্পদ। আর সেই সঙ্গে হাজারো পরিবারের স্বপ্ন, সাধ আর সামর্থ্যকে। আমার আম্মা প্রায়ই একটা কথা বলতেন, কখনো অহঙ্কার করিস না, ‘সকাল বেলার রাজারে তুই ফকির সন্ধ্যা বেলা’। কী নির্মমভাবে সেই সত্যি সামনে এসে হাজির হয়েছে। হে আল্লাহ। আমাদেরকে আসমান, জমিন, হাওয়াই সকল বালামুসিবত থেকে হেফাজত করুন। ফেসবুক থেকে