প্রকাশিত: Wed, Dec 28, 2022 10:12 PM
আপডেট: Thu, Jun 4, 2026 11:04 AM

বাংলাদেশের বিবিধ পুরস্কারগুলো দিনে দিনে হাস্যকর হয়ে উঠছে!

আহসান হাবিব

পুরস্কার পেলেই সেটি সেই সময়ের শ্রেষ্ঠ বই হয়ে পড়ে এই ধারণা শিশুসুলভ। বরং যারা পুরস্কার দিচ্ছে বলা উচিত তাদের বিবেচনায় বইটি সেরা। তবে পুরস্কার কীভাবে দেওয়া হয়, কাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, তার রাজনীতি বোঝা খুব সহজ। সমস্ত পুরস্কারের পেছনে রয়েছে স্বার্থের রাজনীতি। এটা শুধু এই দেশে নয়, সব দেশে, সব কালে। ধরুন, উপন্যাস। যে উপন্যাসটি পুরস্কৃত হলোÑ কীসের বিচারে সেটি শ্রেষ্ঠ? এই সময় যতো উপন্যাস প্রকাশিত, পুরস্কারদাতারা কী সব পড়ে ফেলেছে? নাকি গুটিকয় জমাকৃত উপন্যাস বই পড়েই শ্রেষ্ঠ বলে পুরস্কার দিয়ে দেওয়া হলো? 

এটাই হয়। হয়তো জমা দেওয়া হলো কিছু বই। তার ভেতর থেকে নির্বাচিত বিচারকরা রায় দিলেন কেন একটাকে সেরা বলে। আসলে কি এই নির্বাচন বিচারকদের ঐকমত্যের ভিত্তিতে হয়, নাকি যারা পুরস্কার দিচ্ছে মানে প্রতিষ্ঠান, তার কর্তাব্যক্তিদের ইচ্ছে এখানে কাজ করে? নাকি তারও পেছনে কোনো ক্ষমতা কাজ করে? করে, এসবই করে। পুরস্কার একটি আইওয়াশ। কোনো একটি উপন্যাসকে সেরা রায় দিয়ে পুরস্কার দেওয়া একটি ফালতু নিয়ম। আমার মতে, একটা বছরে যতো উপন্যাস প্রকাশ হয়, পুরস্কার দিতে ইচ্ছুক প্রতিষ্ঠানের উচিত, প্রকাশকদের কাছ থেকে সেসব সংগ্রহ করে বিখ্যাত শিল্প সমালোচকদের সমন্বয়ে গঠিত কমিটির কাছ থেকে রায় নেওয়া। বলছি না, এখানেও রাজনীতি কিংবা ক্ষমতা কাজ করবে না, তবু এটি মন্দের ভালো। বাংলাদেশের বিবিধ পুরস্কারগুলো দিনে দিনে হাস্যকর হয়ে উঠছে। লেখক: ঔপন্যাসিক