প্রকাশিত: Mon, Feb 13, 2023 10:19 AM
আপডেট: Thu, Jun 4, 2026 12:13 PM

বর্তমান সরকার কর্তৃত্ববাদী, সবকিছু নিয়ন্ত্রণে নিতে চায়: জি এম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বর্তমান সরকার অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে। শান্তির মিছিল হচ্ছে, কীসের শান্তি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে শান্তি নেই। মানুষের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়েই যাচ্ছে। মানুষের মানসম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষ জীবন কাটাচ্ছে। এমন বাস্তবতায় শান্তি ও স্থিতিশীলতা মানুষের কাছে প্রহসন মনে হয়। রাজধানীর বনানীতে সোমবার জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

দুটি দল দেশের মানুষের জন্য কবরের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ কবরের শান্তি ও স্থিতিশীলতা চায় না। কারও প্রতিবাদ করার শক্তি বা সাহস নেই। এমন শান্তির জন্য আমরা রাজনীতি করি না। আমরা মানুষের সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনীতি করছি।

দেশের সব রাজনৈতিক দল নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গেল নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিএনপি এ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। দেশে একটি সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সামনের দিকে আরও খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। আমরা দুটি দলের মাঝামাঝি অবস্থানে নিজস্বতা নিয়ে রাজনীতি করছি। জাপা দেশের মানুষের সামনে তৃতীয় এবং বিকল্প অপশন সৃষ্টি করেছে। সম্পাদনা: খালিদ আহমেদ